২০২৬ সালের শুরু, মধ্যপ্রাচ্যের আকাশ
মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের এক তরুণ বিশ্লেষক। হাতে একটি চীনা জাহাজের মালামালের তালিকা। সময় নেই, তাই তিনি সাহায্য নিলেন এআই চ্যাটবটের।
এআই স্ক্যান করে বলল – “সতর্কতা: এই জাহাজে পরমাণু অস্ত্রের উপাদান আছে।”
মুহূর্তে পেন্টাগনে লাল বাতি। যুদ্ধবিমান আকাশে। সশস্ত্র মার্কিন সেনারা দড়ি বেয়ে চীনা জাহাজে নামার জন্য প্রস্তুত। আর কয়েক মিনিট পরেই গুলি চলতো, আর তারপর? আমেরিকা বনাম চীন – সরাসরি যুদ্ধ।
শেষ মুহূর্তে একজন সিনিয়র কর্মকর্তা ফাইলটা আবার খুললেন। ভালো করে দেখে চমকে উঠলেন। এআই যে জিনিসকে পরমাণু উপাদান বলেছে, সেটা আসলে প্রসাধন সামগ্রী, লিপস্টিকের সরঞ্জাম!* রিপোর্টটা ছিল *”সম্পূর্ণ মিথ্যা” – Entirely False
সিএনএন-এর ভাষায় – “Almost started a war” – প্রায় যুদ্ধ বাধিয়ে দিয়েছিল। অভিযান বাতিল হলো। পৃথিবী বেঁচে গেল।
পেন্টাগন আজ এআই দিয়ে যুদ্ধ করতে চায়, কিন্তু ভুলে যাচ্ছে – এআই-এরও ভুল হয়, যাকে বলে, হ্যালুসিনেশন।
৮১ বছর আগে, ১৯৪৫ সালের জুলাই, টোকিও
একই ভুল, অন্য নামে।
পটসডাম ঘোষণায় আমেরিকা জাপানকে বলল – “আত্মসমর্পণ করো, নাহলে সম্পূর্ণ ধ্বংস।”
প্রধানমন্ত্রী কান্তারো সুজুকি সাংবাদিকদের বললেন একটা জাপানি শব্দ – *”মোকুসাৎসু”।*
তিনি বোঝাতে চেয়েছিলেন – “আমি এখন কোনো মন্তব্য করব না (No Comment)”
কিন্তু আমেরিকান অনুবাদকরা অনুবাদ করলেন – *ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, তুচ্ছ বলে উপেক্ষা করলাম”।
একটা শব্দের ভুল ব্যাখ্যা।
ফলাফল? হোয়াইট হাউস ভাবলো জাপান যুদ্ধ চালাবে। প্রেসিডেন্ট ট্রুম্যান আদেশ দিলেন।
৬ আগস্ট হিরোশিমা, ৯ আগস্ট নাগাসাকি। ১ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ – মা, শিশু, স্কুলছাত্র – এক সেকেন্ডে বাষ্প হয়ে গেল। দেয়ালে শুধু মানুষের ছায়া রয়ে গেল।
পরে এনএসএ স্বীকার করলো – মোকুসাৎসু শব্দের অর্থ নিয়ে ভুল হয়েছিল।
দেখুন মিলটা –
১৯৪৫ সালে ভুল ছিল মানুষের অনুবাদে, ২০২৬ সালে ভুল হলো এআই-এর বিশ্লেষণে।
১৯৪৫ সালে ভুলের মূল্য ছিল হিরোশিমা, ২০২৬ সালে ভুলের মূল্য হতে পারতো তৃতীয় বিশ্বযুদ্ধ।
ইতিহাস আমাদের একটা কথাই শেখায় – ‘শব্দ খুব সস্তা নয়, শব্দে বোমা পড়ে’।



