বাংলাদেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ছাড়াও ১৯ দেশ এই সুবিধা পাবে। এই ২০ দেশের তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার থেকে এ ২০ দেশ বাদে বাকি দেশগুলোর নির্দিষ্ট বিশেষ ওষুধ বা উপকরণের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হয়েছে।
বাংলাদেশ ছাড়া এ সুবিধা পাওয়া অন্য দেশগুলো হলো ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম। এসব দেশের এই শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কারণ হিসেবে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে ।
শুল্কছাড়ের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত সব ধরনের ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধের উপাদানও শূন্য শুল্কের আওতায় থাকবে।
এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ-সংক্রান্ত আদেশ জারি করেন। ওই আদেশে ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের উপাদান আমদানিতে শুল্ক সমন্বয়ের কথা বলা হয় এবং নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।



