বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মঙ্গলবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। তার বিদায়ের মধ্য দিয়েই দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শুরু হবে নতুন এক অধ্যায়।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলতে নামবেন মেসি। এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলনকেন্দ্রে মেসিকে পৌঁছাতে দেখা গেছে। এতে আর্জেন্টিনা অধিনায়কের বিদায়ী ম্যাচ ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে।
দেশের হয়ে দুই দশকের বেশি সময় কাটানোর পর ৩৯ বছর বয়সী এই তারকা এবার স্থায়ীভাবে অধিনায়কের বাহুবন্ধনী তুলে রাখবেন। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের জার্সিতে এটাই হবে তার শেষ ম্যাচ।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক। কাতার বিশ্বকাপে ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো তার অনেক সতীর্থও থাকবেন সেখানে। পাশাপাশি জাতীয় দলের নতুন প্রজন্মের খেলোয়াড়েরাও মেসির বিদায়ের সাক্ষী হবেন।
এই প্রীতি ম্যাচটি প্রতীকীভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মুহূর্ত। আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকায় রয়েছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হিসেবেও বিদায় নেবেন মেসি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। পাশাপাশি তার অ্যাসিস্ট ৬৮টি, এটিও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।
নিউ জার্সিতে স্পেনের কাছে আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফাইনাল হারের আড়াই মাস পর জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মেসি। সেই ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পেরে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার সময় মেসি লিখেছিলেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি; দেওয়ার মতো আর কিছুই আমার অবশিষ্ট নেই। এর পাশাপাশি দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। তবে দুই মাস আগে তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তিনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রত্যাশার চেয়েও আগে হয়তো পুরোপুরি ফুটবলকে বিদায় জানাতে পারেন।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যরা ও তাদের পরিবারের লোকজনও বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন। সেই দলই কাতারে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে থাকা বেনিনের বিপক্ষে এই ম্যাচে মেসির পাশে থাকবেন সেই দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড়।
২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল দি মারিয়াও থাকবেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো দি মারিয়া মেসির কাছ থেকে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তের সাক্ষী হবেন।
নতুন প্রজন্মের কয়েকজন খেলোয়াড়, যেমন ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও লিওনেল ফ্লোরেস, মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক করার সময় জন্মই নেয়নি। তখন আর্জেন্টিনার ফুটবল অনেকটাই দিয়েগো মারাদোনার ছায়ায় আবর্তিত হতো।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘সবার জন্য এটি একটি অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। সবাই এই ম্যাচে থাকতে চায়। এখন শুধু মুহূর্তটি উপভোগ করার পালা।’
মেসিকে ছাড়াও আর্জেন্টিনার নতুন প্রজন্ম নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত একজন খেলোয়াড়ের জায়গা পূরণ করা সহজ হবে না—এ কথাও স্বীকার করছেন সবাই।
স্কালোনি বলেন, ‘সমষ্টিগতভাবে আমরা লিওর রেখে যাওয়া শূন্যতা পূরণের চেষ্টা করব।’
বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখন আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা করছেন স্কালোনি। মেসিকে ঘিরে সঠিক দল গড়ে তোলার কাজটিতে যিনি সফল ছিলেন, সেই স্কালোনিও মঙ্গলবার ৩৮ বছর বয়সী সহ-অধিনায়ক নিকোলাস ওতামেন্দিকে বিদায় জানাবেন।
মেসি ও ওতামেন্দির মতোই মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো চেলসোকে শুধু বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে। ফলে এই ম্যাচের পর তারাও আর আর্জেন্টিনার হয়ে খেলবেন কি না, তা অনিশ্চিত।
মেসির পর আর্জেন্টিনা দলের নেতৃত্ব ও দায়িত্ব সামলানোর জন্য অন্তত বেঞ্চ থেকে উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। তাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস ও লাওতারো মার্তিনেস।
দৃঢ়চেতা ডিফেন্ডার রোমেরোর হাতে উঠতে যাচ্ছে অধিনায়কের বাহুবন্ধনী। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে এই বাহুবন্ধনী পরেছিলেন মেসি।
অধিনায়কত্বের পরবর্তী সারিতে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও লাওতারো মার্তিনেস।
মেসির পরের প্রজন্মের খেলোয়াড়দেরও ইতোমধ্যে উজ্জীবিত করতে শুরু করেছেন তারা। বিশ্বকাপ ফাইনালের পর নিজেদের প্রথম ম্যাচে গত বুধবার কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়েই নতুনদের সামর্থ্যের ঝলক দেখা গেছে। তরুণ নিকো পাস ও হোসে ম্যানুয়েল লোপেস গোলদাতাদের তালিকায় ছিলেন।
এরপর শনিবার মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পায় আর্জেন্টিনা। ওই ম্যাচে মাস্তানতুওনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি জাতীয় দলের হয়ে নিজেদের প্রথম গোল করেন।
আর্জেন্টিনার ভবিষ্যৎ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলেও একটি ছোট অথচ প্রতীকী প্রশ্ন এখনো রয়ে গেছে—মেসির ১০ নম্বর জার্সি কে পাবেন?
স্কালোনি বলেন, ‘লিওর ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি কাউকে দেব না। এরপর দেখা যাবে।



