রোগীদের চলাচল ও চিকিৎসা সেবা গ্রহণে সহায়তার লক্ষ্যে রোটারী ক্লাব অব মতিঝিলের পক্ষ থেকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ১২টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে। শনিবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। রোটারী ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট আব্দুস শাকুর চৌধুরী, চার্টার্ড মেম্বার ইমরান আহমদ চৌধুরী এবং সৈয়দ ফরহাদ আব্বাস হুইল চেয়ারগুলো মৌলভীবাজার বিএনএসবি এর সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদসহ কার্যকরী পরিষদের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার বিএনএসবি এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক আবদুল হামিদ মাহবুব, সদস্য সাব্বির আহমদ চৌধুরী,ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, আলহাজ্ব নূরুল ইসলাম তরফদার, সদস্য সৈয়দ হুমায়েদ আলী শাহীন,সদস্য এস এম উমেদ আলী উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোটারী ক্লাব অব মতিঝিলের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বলা হয় হুইল চেয়ারগুলো হাসপাতালে আগত অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। এ ধরনের মানবিক উদ্যোগ প্রান্তিক ও অসহায় রোগীদের জন্য হাসপাতালের সেবাকে আরও সহজ ও রোগীবান্ধব করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতেও রোগীদের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ রোটারী ক্লাব অব মতিঝিলের প্রতি এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।



