
জঙ্গিবাদ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী বলেছে সেটাই শুনতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশে জঙ্গিবাদ থাকা না থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ মে) সচিবালয়ে তিনি এ কথা বলেন।
বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গিবাদ আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তা নেই। একই বিষয়ে বক্তব্যের এই অমিল সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আচ্ছা আমি কে?’ জবাবে একজন ‘আপনি স্বরাষ্ট্রমন্ত্রী’ বলতেই তিনি বলেন, ‘তা আমি যেটা বক্তব্য দিয়েছি ওইটাই তো আপনারা ছাপিয়েছেন।’
কিন্তু তথ্য উপদেষ্টা তো ভিন্ন কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটা উনি কীভাবে বলেছেন জানি না। হয়তো আপনাদের লেখার মধ্যেও মিস-ইন্টারপ্রেট (ভুল ব্যাখ্যা) হয়ে যেতে পারে। কিন্তু যেটা ডিসিপ্লিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী বলেছে সেটাই তো শুনতে হবে।’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো- নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট- এগুলো সবই আইনানুগভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া। এটা নতুন কোনো বিষয় নয়। আর পদ সৃজনের প্রয়োজন হলে মন্ত্রণালয় পদ সৃজন করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমতি, অনুমোদন সাপেক্ষে। সেটা যখন যেখানে প্রয়োজন হয় আমরা করি। আর অন্য বিষয়গুলো খুবই স্বাভাবিক এবং রুটিন বিষয়।’
বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ডিপার্টমেন্ট যাচাই-বাছাই করে নির্ধারণ করে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী এবং দাগি আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তো কীভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছেন সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না।’
‘তারা অনেকেই স্বভাবগত অপরাধী বলে চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংঘটন করবে, এটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেক্ষেত্রে আমাদের আইনানুগভাবে যেতে হয়। কারও যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়,’ যোগ করেন তিনি।