টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো টাইগ্রেসরা

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরকারীদের কাছে ২১ রানে হেরে সিরিজ খুইয়ে ফেলে নিগার সুলতানা জ্যোতির দল। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ফলে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি টাইগ্রেসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই হতে যাচ্ছে।

একই মাঠে আগামীকাল দুপুর দেড়টায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলেন। সপ্তম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। ২৩ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন দিলারা। অন্যপ্রান্তে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন জুরাইরিয়া। অষ্টম ওভারে একটি চার ও একটি ছক্কা মারেন। তবে দশম ওভারে ডানহাতি এ ব্যাটারের বিদায়ে বাংলাদেশের রানের গতি কমে আসে। ২৩ বলে ব্যক্তিগত ২৯ রানে রানআউটের শিকার হন জুরাইরিয়া। চারে নামা নিগার সুলতানা জ্যোতিও রান আউটের শিকার হন। সাজঘরে ফেরার আগে টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। এদিন মাঠে নেমেই ইতিহাস গড়েন জ্যোতি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন। ৬৫ ম্যাচ অধিনায়কত্ব করে তালিকার দুইয়ে সাবেক স্পিনার ও বর্তমানে নারী দলের নির্বাচক সালমা খাতুন। পাঁচে নামা সোবহানা মোস্তারিও রান আউটের শিকার হয়ে দ্রুত বিদায় নেন। তিন রান আউটেই কপাল পুড়ে বাংলাদেশের।

এক ম্যাচে বাংলাদেশের এর চেয়ে বেশি রান আউটের ঘটনা আছে দুটি। ২০১৪ সালে ভারত ও ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪টি করে। আগের ম্যাচে ঝড়ো ৬০ রানের ইনিংস খেলা স্বর্ণা এদিন বড় ইনিংস খেলতে পারেননি। ১৩ বলে ১২ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। একপ্রান্ত আগলে রাখা শারমিন আক্তার সুপ্তা ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন। এই রান করতে ৪৭ বল খরচ করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন কাভিশা দিলারি। এর আগে হার্শিতা সামারাবিক্রামার ২৯ বলে ৪৯ এবং অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আকতার ও রিতু মনি।

টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজও হারে বাংলাদেশের মেয়েরা। রাজশাহীতে সফরকারীদের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারানোর পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে যথাক্রমে ৪ ও ৭ উইকেটে হারে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশের মেয়েরা। ১২ই জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর মাঠে গড়াবে। যেখানে ১২টি দল অংশ নেবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮