মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’ প্রতিযোগিতা।
যুবসমাজকে খেলাধুলামুখী করা,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনের লক্ষ্যে এই আয়োজন। গতকাল (সোমবার) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিযোগিতাটি আয়োজন করছে পাওয়ার পালস এরিনা মৌলভীবাজার। সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কারাতে একাডেমি। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি,ইউকে। আয়োজকদের দেওয়া তথ্যানুযায়ী ২ অক্টোবর শুক্রবার ভোরে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের রিপোর্টিং টাইম ভোর ৫টা এবং সকাল ৫টা ৩০ মিনিটে দৌড় শুরু হবে।
দৌড়টি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের সম্মুখ থেকে শুরু হয়ে বিভিন্ন চা-বাগান ও ঐতিহাসিক স্থানের পাশ দিয়ে নির্ধারিত পথ অতিক্রম করে পুনরায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে এসে শেষ হবে। আয়োজকরা জানান দেশের বিভিন্ন বয়সের পেশাদার ও অপেশাদার রানারদের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ৫০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা তাদের। প্রতিযোগীদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং রুট পয়েন্টগুলোতে হাইড্রেশন (পানি ও স্যালাইন) স্টেশন রাখা হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রতিযোগীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে।
নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার রাখার কথা জানিয়েছে আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইউকে’র ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমির পরিচালক মো: ফয়জুল হক এবং পরিচালক সৈয়দ মো: শিপন আলী ও রেজওয়ানুর রহমান প্রমুখ।



