
দীর্ঘদিনের যুদ্ধ ও রাজনৈতিক অচলাবস্থার পর ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। পশ্চিম তীর এবং গাজার একটি অংশে স্থানীয় সরকার প্রতিনিধি বাছাইয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর প্রথম ভোট হিসেবে নির্বাচনটি বিশেষ গুরুত্ব বহন করছে। এই নির্বাচনে প্রায় ১৫ লাখ ভোটার পশ্চিম তীরের এবং প্রায় ৭০ হাজার ভোটার গাজার দেইর আল বালাহ এলাকার। তবে পুরো নির্বাচনটি হচ্ছে সীমিত পরিসরে এবং নানা অনিশ্চয়তার মধ্যে। তবে নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা খুবই কম। অধিকাংশ প্রার্থী প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের দল ফাতাহের সঙ্গে যুক্ত অথবা স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হামাস এই নির্বাচনে অংশ নেয়নি, যদিও তারা গাজার বড় অংশ নিয়ন্ত্রণ করে।
এদিকে, গাজার পরিস্থিতি আরও ভিন্ন। ২০০৭ সালের পর এই প্রথম সেখানে কোনো ভোট হচ্ছে। তবে সেটিও সীমাবদ্ধ রাখা হয়েছে শুধু দেইর আল বালাহ এলাকায়, কারণ দীর্ঘ যুদ্ধের কারণে গাজার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তবে সব হতাশার মাঝেও কিছু মানুষের কাছে এই ভোটের প্রতীকী গুরুত্ব রয়েছে। গাজার এক তরুণ ভোটার বলেন, এটি তাদের অস্তিত্বের প্রমাণ। যুদ্ধের মধ্যেও তারা টিকে আছে এবং নিজেদের অধিকার প্রয়োগ করতে চাইছে। জাতিসংঘের পক্ষ থেকেও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। তাদের মতে, এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এটি মানুষের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।